ফেনীতে সমবায় ব্যাংকের সাধারণ সভা অনুষ্ঠিত

ফেনীতে সমবায় ব্যাংকের সাধারণ সভা অনুষ্ঠিত

জহিরুল হক মিলন, ফেনী: ‘সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ১১০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) ব্যাংকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সভাপতি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ব্যাংকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ জহির আব্বাস, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, সরকার মনোনীত সদস্য শেখ ফরিদ বাহার ও নাছির উদ্দিন খোন্দকার।

কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সোনাগাজী, সদর, দাগনভূঞা, ফুলগাজী ও পরশুরাম উপজেলার সমবায় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।

সভা শেষে মরণোত্তর তিনজন সমবায়ীর পরিবারের সদস্যদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত সমবায়ীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন