কলাগাছ থেকে সুতা তৈরি করছেন পাঁচবিবির রেজভী

কলাগাছ থেকে সুতা তৈরি করছেন পাঁচবিবির রেজভী

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো পরিত্যক্ত কলাগাছ থেকে সুতা তৈরি শুরু করেছেন তরুণ উদ্যোক্তা মো. রিয়াছাদ রেজভী। তাঁর তৈরি এই ফাইবার সুতা ঢাকার ব্যবসায়ীদের হাত ধরে চলে যাচ্ছে বিদেশে। পরিবেশবান্ধব এই শিল্পে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, তেমনি ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এই তরুণ।

উপজেলার আটাপুর ইউনিয়নের উচিতপুর খুনার পাড়ার শাহীন আলমের ছেলে রেজভী আগে ঢাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে থাকাকালীন মোবাইলে ইউটিউবে কলাগাছ থেকে সুতা তৈরির প্রক্রিয়া দেখে উদ্বুদ্ধ হন তিনি। এরপর গ্রামে ফিরে ৮০ হাজার টাকা ব্যয়ে একটি মেশিন কিনে পৌরসভার গণেশপুর এলাকায় কাজ শুরু করেন। এই কাজে তাঁকে সহযোগিতা করছেন তাঁর বাবা শাহীন আলমসহ বেশ কয়েকজন শ্রমিক।

সরজমিনে দেখা যায়, কলার বাগান থেকে ফেলে দেওয়া কলাগাছ সংগ্রহ করে সেগুলোর বাকল ছাড়ানো হচ্ছে। এরপর দেশীয় প্রযুক্তিতে তৈরি বিদ্যুৎচালিত মেশিনের মাধ্যমে সেই বাকল থেকে বের করা হচ্ছে সোনালি ফাইবার সুতা। রেজভী জানান, এই সুতা দিয়ে কলমদানি, পাপোশসহ বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী তৈরি করা হয়। বিদেশে এই সুতার ব্যাপক চাহিদা রয়েছে।

রেজভী বলেন, "কলাগাছের আঁশ থেকে উৎপাদিত এই পণ্য অত্যন্ত লাভজনক। তবে অর্থসংকটের কারণে আমি বড় পরিসরে কাজ করতে পারছি না। বর্তমানে ঢাকার নিউ ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সুতাগুলো দিচ্ছি, কিন্তু সরাসরি বিদেশে রপ্তানি করতে পারলে আরও ভালো দাম পাওয়া যেত।" ব্যবসার প্রসারে তিনি সরকারি সহায়তা বা স্বল্প সুদে ঋণের দাবি জানান।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, কলাগাছের কাণ্ড থেকে উৎপাদিত তন্তু একটি পরিবেশবান্ধব ও টেকসই কাঁচামাল। কৃষি বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের এটি একটি উজ্জ্বল সম্ভাবনা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন