বরিশালে খাল খনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

বরিশালে খাল খনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘আমার শহর আমার দায়িত্ব- পরিচ্ছন্ন রাখি প্রতিটি মুহূর্ত’— এই স্লোগানকে সামনে রেখে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে শনিবার (২৫ এপ্রিল) জিয়া সড়কের খাল পরিষ্কার ও খনন কাজের শুভ উদ্বোধন করেছেন কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিচ আক্তার জাহান শিরিন।

আসন্ন বর্ষা মৌসুমে নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখা এবং খালের নাব্যতা ফিরিয়ে আনতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রধান জেল খাল ও জিয়াউর রহমানের নামে খালের পাড় সংরক্ষণ, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধন কাজে মোট ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে এই অর্থ ব্যয় করা হবে।

উদ্বোধনকালে প্রশাসক অ্যাডভোকেট বিলকিচ আক্তার জাহান শিরিন বলেন, "নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর। খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি খালের পাড়কে দৃষ্টিনন্দন করতে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল বারী, সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবির এবং নথুল্লাবাদ ও কাশিপুরসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন