প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বগুড়া নগরে এক বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে এই উৎসবমুখর কর্মসূচি পালিত হয়।

শহীদ খোকন পার্ক থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেন, যা দেশের ১৩তম সিটি কর্পোরেশন।

র‍্যালি পূর্ববর্তী আলোচনা সভায় বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে.এম. খায়রুল বাশারের সভাপতিত্বে ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রেজাউল করিম বাদশা। এ সময় বক্তারা বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হলো। সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ জেলা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন