মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় কিশোরের মৃত্যু

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় কিশোরের মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মারুফ সরদার (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় হামলার শিকার হয় সে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সাথে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিটি মাপজোপের সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুর ইসলামের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নুর ইসলাম, তাঁর স্ত্রী মাহিনুর বেগমসহ পরিবারের ৫ জন গুরুতর আহত হন।

আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হলে কিশোর মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই রোববার সকাল ৮টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা নুর ইসলাম বলেন, "মোফাজ্জেল ও তার লোকজন আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলল। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।" মা মাহিনুর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার নিষ্পাপ ছেলেটাকে ওরা বাঁচতে দিল না।"

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই সংঘাতের সূত্রপাত। মারুফের মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন