প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

ফেনী প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র একটি প্রতিনিধি দল। 

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন কার্যালয়ে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা ও স্বৈরশাসনের অবসরের পর জাতীয় নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান মজিবুর রহমান মঞ্জু। বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান দলের পক্ষ থেকে এবং তাঁর নির্বাচনী এলাকা ফেনীর পক্ষ থেকে দুটি আলাদা সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে তাঁদের কথা শোনেন এবং দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে এবি পার্টির পক্ষ থেকে ৪টি গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করা হয়:

  • জুলাই সনদ ও সংস্কার: জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে সৃষ্ট বিতর্ক এড়িয়ে একটি সমঝোতামূলক ও গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ।

  • অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে 'সার্বজনীন পরামর্শ সভা'র আয়োজন।

  • যৌথ অভিযান: দেশে আস্থাশীল পরিবেশ তৈরি এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে দ্রুত একটি কঠোর 'যৌথ অভিযান' পরিচালনার মাধ্যমে সরকারের কড়া বার্তা পৌঁছে দেওয়া।

  • গণতন্ত্র ও সুবিচার: মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের জুলুম ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

মজিবুর রহমান মঞ্জু প্রধানমন্ত্রীর নানার জেলা এবং বেগম খালেদা জিয়ার জেলা ফেনীর উন্নয়নের জন্য বেশ কিছু দাবি তুলে ধরেন:

  • ফেনীতে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন।

  • সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং একটি এয়ারপোর্ট ও সেনা ব্রিগেড স্থাপন।

  • বন্যা ও জলাবদ্ধতা নিরসন, গ্যাস সংকট দূরীকরণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

  • লালপোল ও রেলগেট এলাকায় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ এবং বন্ধ থাকা দোস্ত টেক্সটাইল মিল পুনরায় চালু করা।

এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন