জ্বালানি সংকটে ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে চিঠি

জ্বালানি সংকটে ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে চিঠি

আপৎকালীন সময়ের জন্য ভারতের কাছ থেকে অতিরিক্ত ডিজেল চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) বিকেলে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু।

বৈঠক শেষে জ্বালানিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আপদকালীন সময়ে ভারত থেকে ডিজেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। তবে ঠিক কী পরিমাণ ডিজেল চাওয়া হয়েছে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে চিঠি দিয়েছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পাঠানো এই চিঠি ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রণয় ভার্মা আরও জানান, বর্তমানে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রতি মাসে ১৫ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ সরকার এই সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদী করার জন্য অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল সরবরাহ করা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন