ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে পরপর তিনটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, আক্রান্ত জাহাজগুলোর মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নাবিকদের সরিয়ে নেওয়া হয়। তবে পরবর্তী আপডেট অনুযায়ী, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি।
সূত্র অনুযায়ী, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। এছাড়া জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির নাবিকরা সবাই নিরাপদ আছেন এবং এটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় ঘটনায় দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ ‘স্টার গুইনেথ’ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে, এই জাহাজের নাবিকরাও নিরাপদ আছেন।
বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। সবশেষ এই ঘটনাসহ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটল।
সূত্র : রয়টার্স।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ