ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ: হবিগঞ্জে ট্রাকভর্তি বালুর নিচে সুকৌশলে লুকানো অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল সীমান্ত থেকে ৪ কিলোমিটার ভেতরে নোয়াহাটি এলাকায় অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি বালুভর্তি ট্রাককে সন্দেহ হলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন।
ট্রাকটি তল্লাশিকালে দেখা যায়, উপরে বালু থাকলেও তার নিচে বিশেষ কায়দায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন ধরণের চশমার বস্তা লুকানো রয়েছে। বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা।
অবৈধভাবে আনা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি রক্ষায় বিজিবি সদস্যদের এই বিশেষ নজরদারি আরও জোরদার করা হয়েছে।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ