ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক কর্মজীবী নারীকে চলন্ত প্রাইভেটকারে অপহরণ চেষ্টার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. জাকির মিয়া (২৬): কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। ২. মো. কাওছার আহমদ (৩৪): মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার বাসিন্দা। ৩. জসিম মিয়া (৩৬): মৌলভীবাজার সদর উপজেলার গুলবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ সকালে কমলগঞ্জ দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা ফাতেমা পারভেজ নিশি (২৯) কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) এসে তাঁকে শ্রীমঙ্গল পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। তিনি অস্বীকৃতি জানিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাঁকে অনুসরণ করে নির্জন রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়ি থেকে এক ব্যক্তি নেমে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক টেনে গাড়িতে তোলার চেষ্টা করে। ভুক্তভোগী নারী সাহসিকতার সাথে ধস্তাধস্তি করে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে জীবন রক্ষা করেন।
ঘটনার পর ৯ মার্চ কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কমলগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্তে নামে। তদন্তকারী কর্মকর্তারা বটতলা বাজার ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্ত করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১০ মার্চ সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যে সিলেটের সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এবং অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ