উদ্বোধনের আগেই ধসে পড়ল বগুড়া পৌর পার্কের জিম ভবনের ছাদ

উদ্বোধনের আগেই ধসে পড়ল বগুড়া পৌর পার্কের জিম ভবনের ছাদ

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া পৌর পার্কে নির্মাণাধীন ব্যায়ামাগার (জিম) ভবনের ছাদ ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ধসে পড়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এই প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই এমন বিপর্যয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর পার্কের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ১৪ লাখ ৫৩ হাজার ২৫১ টাকা ব্যয়ে এই ব্যায়ামাগারটি নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। সোমবার দিনভর ছাদ ঢালাইয়ের কাজ শেষে শ্রমিকরা চলে যাওয়ার পর রাতেই পুরো ছাদটি ধসে পড়ে। মঙ্গলবার সকালে পার্কে আসা প্রাতঃভ্রমণকারীরা এই দৃশ্য দেখে ক্ষোভ ফেটে পড়েন।

পার্কে নিয়মিত ব্যায়াম করতে আসা আখতারুজ্জামান বলেন:

"আমরা টিনের শেড ভেঙে একটি পাকা ভবনের দাবি জানিয়েছিলাম। কিন্তু উদ্বোধনের আগেই যদি ছাদ ধসে পড়ে, তবে ভবনটি চালু হওয়ার পর এমন ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। ঠিকাদারের গাফিলতি ও অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দশা হয়েছে।"

উল্লেখ্য, এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল গত বছরের ২৯ জানুয়ারি এবং শেষ করার নির্ধারিত সময় ছিল ১১ নভেম্বর। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসির কারণে দীর্ঘ সময় পার হলেও কাজ শেষ হয়নি, উল্টো অসমাপ্ত অবস্থায় ছাদ ধসে পড়ল।

ঠিকাদারি প্রতিষ্ঠান 'জয় ট্রেডার্স'-এর মালিক জয় হাসান নিম্নমানের সামগ্রীর অভিযোগ অস্বীকার করে বলেন, "ভবনের একটি খুঁটির গোড়ার মাটি সরে যাওয়ায় খুঁটিটি নড়ে যায় এবং ছাদটি ধসে পড়ে।"

অন্যদিকে, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান:

"ছাদ ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি ঠিকাদারের কাজের মান নিয়ে গাফিলতি প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

বর্তমানে নির্মাণাধীন ওই এলাকায় জনসাধারণের প্রবেশে সতর্কতা জারি করা হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন