ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপ-স্বাস্থ্যকেন্দ্রটি এখন নিজেই ‘রুগ্ন’ হয়ে পড়েছে। ব্রিটিশ আমলে নির্মিত এই কেন্দ্রটিতে কোনো এমবিবিএস ডাক্তার নেই। জরাজীর্ণ ভবন আর ময়লা-আবর্জনার স্তূপে মুখ থুবড়ে পড়েছে স্থানীয় প্রায় ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা।
সরেজমিনে দেখা গেছে, উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে একটি পরিত্যক্ত আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। চারদিকে ময়লা-আবর্জনার ছড়াছড়ি এবং ভেতরে কুকুর-বেড়ালের অবাধ বিচরণ। স্থানীয়দের অভিযোগ, রাতে এই চত্বরটি মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়। জরাজীর্ণ একটি কক্ষের ভেতর একজন মাত্র ফার্মাসিস্ট দিয়ে কোনোমতে চলছে নামমাত্র প্রাথমিক চিকিৎসা সেবা। প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম বা ওষুধের সরবরাহ না থাকায় গরিব রোগীরা শূন্য হাতে ফিরে যাচ্ছেন।
পৌর সদরের এই কেন্দ্রটি অকেজো হয়ে থাকায় সামান্য জ্বর বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজনেও রোগীদের ৪-৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। এতে যাতায়াত খরচ ও সময়ের অপচয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও অসহায় মানুষ। অনেক সময় জরুরি মুহূর্তে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, বিগত সরকারের আমলে একাধিক জনপ্রতিনিধি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। সচেতন মহলের মতে, স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের নজরদারির অভাবেই এই দশা। এলাকাবাসীর জোরালো দাবি— এই ধ্বংসস্তূপ সরিয়ে এখানে দ্রুত ৫০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হোক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, বাস্তবে কবে নাগাদ চিকিৎসক সংকট কাটবে বা ভবন সংস্কার হবে, তা নিয়ে সংশয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ