সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডা নিষেধ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডা নিষেধ

বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর এলাকায় সন্ধ্যার পর স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাসার বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেন।

নির্দেশনায় বলা হয়, মাদক নির্মূলের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনো শিক্ষার্থী সন্ধ্যার পর রাস্তার মোড়ে, হোটেল-রেস্তোরাঁয়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। নির্দেশ অমান্য করে কোনো শিক্ষার্থীকে এসব স্থানে আড্ডারত অবস্থায় পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, সম্প্রতি গৌরনদীর বিভিন্ন স্থানে উঠতি বয়সী শিক্ষার্থীদের বিপথগামী উপস্থিতি ও আড্ডাকেন্দ্রিক নেটওয়ার্কের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং কালচার রোধে এই নেটওয়ার্ক ভেঙে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই নির্দেশনা বাস্তবায়নে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্যরা নিজেরা মাদকমুক্ত কি না, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মনিটরিং কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি সুন্দর সমাজ উপহার দিতেই যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন