শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে সময় লাগবে ৬-৯ মাস

শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে সময় লাগবে ৬-৯ মাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে ৬ থেকে ৯ মাস সময় প্রয়োজন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

দ্রুত টার্মিনালটি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আমরা পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি, সব প্রক্রিয়া সম্পন্ন করে চালু করতে ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে। আমরা আশা করছি ৯ মাসের মধ্যেই এটি চালু করা সম্ভব হবে।”

বৈঠকে পর্যটন খাতে বিনিয়োগ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, চীনের বিনিয়োগকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে একটি ফিজিবিলিটি স্টাডি করতে আগ্রহী। এছাড়া চীন বর্তমানে সপ্তাহে ১২টি ফ্লাইটের পাশাপাশি আরও ৩টি ফ্লাইট পরিচালনার জন্য ফ্রিকোয়েন্সি বাড়াতে আবেদন করেছে। এর মধ্যে দুটি গুয়াংজু ও একটি বেইজিং রুটে যুক্ত হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, লিখিত প্রস্তাব পাওয়ার পর যাচাই-বাছাই করে সিভিল এভিয়েশনের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পর্যটন খাতে চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। চীন সরকার বর্তমানে পিপিপি মডেলে বিভিন্ন প্রকল্পে কাজ করার নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করতে এসেছে, যা বাংলাদেশ সরকার গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন