জুলাই সনদের পুরো প্যাকেজ বাস্তবায়ন চায় জামায়াত

জুলাই সনদের পুরো প্যাকেজ বাস্তবায়ন চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জুলাই সনদের সংস্কারের প্রস্তাবগুলো আংশিক নয়, পুরো প্যাকেজ হিসেবে বাস্তবায়ন চাই। তার আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা বা প্রাপ্য, আমরা সেটুকুই চাই। আমরা খণ্ডিতভাবে কিছু চাচ্ছি না।’

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিরোধীদলীয় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান।

সংসদে বিরোধী দলের ভূমিকা কেমন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আমরা সংসদে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সব ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ ও জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সব সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন ও সহযোগিতা থাকবে। কিন্তু দেশ ও জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে ভুল করলে আমরা ধরিয়ে দেব এবং সংশোধনের সুযোগ দেব। পরামর্শে কাজ না হলে প্রতিবাদ করব।’

তিনি আরও বলেন, সরকারি দলকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান। বিরোধী দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য—দুটি শপথই নিয়েছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘দুঃখের বিষয় এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি নেয়নি। চব্বিশকে অমান্য বা অগ্রাহ্য করে পাশ কাটিয়ে ছাব্বিশ জাতির জন্য কোনো সুখবর নয়।’

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে অনেক আলাপ-আলোচনা করেছি। আমাদের অবস্থান সময়মতো জাতি দেখতে পাবে।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন