ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এবং সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামাল।
তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা তাদের পক্ষে সম্ভব নয় এবং এ বিষয়ে সরকার ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও।
অন্যদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির ওপর ফিফা নিবিড় নজর রাখছে এবং ইরান দল যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে তিনি আশাবাদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টুর্নামেন্টে ইরানি দলকে স্বাগত জানানোর কথা বলেছেন। তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত নানা কারণে ইরানের নীতিনির্ধারকদের অবস্থান এখনো অনড়।
এই সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বকাপের সূচি ও ইরানের অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ইরান যদি নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, তবে ফিফার নিয়ম অনুযায়ী বিকল্প দেশ হিসেবে অন্য কোনো এশীয় দেশ সুযোগ পেতে পারে বলে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ