ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা ১০ মিনিট। শনিবার (২১ ফেব্রুয়ারি), সরকারি ছুটির দিন হলেও প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম কর্মদিবসে কার্যালয়ে প্রবেশ করেন তারেক রহমান। কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। তবে আনুষ্ঠানিকতার কঠোর প্রটোকল ছাপিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো প্রধানমন্ত্রীর কার্যালয়।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মূল ভবনে প্রবেশের আগে নিয়ম অনুযায়ী বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর অফিসের দিকে যাওয়ার সময় দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মচারীর দিকে নজর যায় তাঁর। তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়কার কর্মচারী ছিলেন। প্রটোকলের কারণে তারা দূরে থাকলেও তাদের একজনকে দেখে প্রধানমন্ত্রী বলে ওঠেন, ‘তুই নূর না?’।
মুহূর্তেই আনুষ্ঠানিক আবহের স্থলাভিষিক্ত হয় পুরোনো স্মৃতি। নূরুল আমিনসহ অন্য কর্মচারীরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। নূরুল আমিন একসময় অফিস সহকারী থাকলেও বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ড্রাইভার হিসেবে কর্মরত। ক্ষমতার দূরত্ব পেরিয়ে দীর্ঘ সময় পরও পুরোনো পরিচিতদের চিনে নেওয়ার এই মানবিক দৃষ্টান্ত উপস্থিত সবার নজর কাড়ে। প্রথম কর্মদিবসেই সাধারণ কর্মচারীদের প্রতি এমন আন্তরিকতা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ