১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদের এই প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। এ ছাড়া অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের বিভিন্ন অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সংসদের ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে এবং তাদের জোটের শরিকরা তিনটি আসনে বিজয়ী হয়েছে। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, খেলাফত মজলিস একটি, ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন, যা ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা এই ভাষণের ওপর আলোচনা করবেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন