নাইজেরিয়ায় রোজা না রাখায় দুই নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

নাইজেরিয়ায় রোজা না রাখায় দুই নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে পবিত্র রমজান মাসের প্রথম দিনেই খাবার খাওয়ার অভিযোগে সাতজন পুরুষ ও দুজন নারীসহ মোট ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ বা ‘হিসবা’। নাইজেরিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়াহ আইন কার্যকর থাকায় প্রতি বছরই রমজান মাসে এমন অভিযান পরিচালনা করে হিসবা কর্তৃপক্ষ।

হিসবার ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দাবি করেছেন যে রমজান শুরু হয়েছে সেটি তারা জানতেন না। তিনি বলেন, “আমরা তাদের আটক করেছি। এখন আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ পড়া, কোরআন পাঠ এবং একজন ভালো মুসলিম হয়ে ওঠার শিক্ষা দেব”। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কিছু রেস্তোরাঁ ও ক্যাফে খোলা থাকলেও মুসলিমদের ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনো নিশ্চিত নয়, তবে অতীতে এ ধরনের ঘটনায় পরিবারের থেকে বাকি দিনগুলোতে রোজা পালনের নিশ্চয়তা নিয়ে তবেই মুক্তি দেওয়া হতো। উল্লেখ্য, নাইজেরিয়ায় ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়েছে। গত দুই দশক ধরে নাইজেরিয়ার উত্তরের ১২টি রাজ্যে শরিয়াহ আইন কার্যকর রয়েছে এবং হিসবা কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে এই ধরনের অভিযান চালিয়ে আসছে।

আন্তর্জাতিক ডেস্ক/সকালবেলা

মন্তব্য করুন