ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বগুড়া ব্যুরো: বগুড়ায় অপহরণ ও অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩০ আগস্ট রাতে মিজানুর রহমান সাগরসহ কয়েকজন সহযোগী রুবেল প্রামানিক নামে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে সরকারি আজিজুল হক কলেজের অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে রুবেলকে মারধর করে চাঁদা দাবি করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও ২২ হাজার ৮০০ টাকা ট্রান্সফার করে নেওয়া হয়। এই ঘটনায় রুবেল বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, মিজানুর রহমান সাগর এই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এদিকে বগুড়া জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ জানিয়েছেন, সাগরের বিরুদ্ধে মামলার বিষয়টি তাঁদের জানা ছিল না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বগুড়া ব্যুরো/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ