ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা থেকে বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় দাঁড়িয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হবে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, আজ বেলা ১১টা ২৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ১০৬ ডলারে পৌঁছেছে, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৭৮ ডলার।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে একলাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার টাকায় নেওয়া হয়েছিল, যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ দাম। এরপর কয়েক দফা কমার পর বাজার পরিস্থিতি বিবেচনায় আজ আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বাজুস।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ