শ্রীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী

শ্রীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের শসা ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারীর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত কৃষক মোবারক হোসেনের সঙ্গে কথা বলে তাকে সান্ত্বনা দেন। এ সময় তিনি শসা ক্ষেতের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়ে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে উজিলাব গ্রামে কৃষক মোবারক হোসেনের প্রায় এক বিঘা জমির শসা ক্ষেতের গাছের গোড়া কেটে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভুক্তভোগী কৃষক জানান, কয়েক মাসের কঠোর পরিশ্রম এবং ধারদেনা করে এই চাষ করেছিলেন। ফলন আসা শুরু হতেই সব গাছ কেটে ফেলায় তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, পাশের একটি খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে কিছু কিশোরকে সতর্ক করেছিলেন মোবারক হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে হুমকি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই কিশোর গ্যাং বা মাদকাসক্ত তরুণরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকারসহ এলাকাবাসী এই পরিকল্পিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মন্তব্য করুন