পীরগাছায় হৈতৈষী সংগঠনের ‘ফ্যামিলি সেবা কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পীরগাছায় হৈতৈষী সংগঠনের ‘ফ্যামিলি সেবা কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ‘বাড়িয়ে দেই ভালোবাসার হাত’ স্লোগানে রংপুরের পীরগাছায় হৈতৈষী সংগঠনের ফ্যামিলি সেবা কার্ডের পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সভায় বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফসার আলী, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম বিপু এবং প্রেস ক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সী প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে হৈতৈষী সংগঠনের এই মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তাঁরা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এমন জনহিতকর কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজক সংগঠন হৈতৈষী জানায়, এই কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে উপজেলার ৫০০টি পরিবারের মাঝে ফ্যামিলি সেবা কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা নির্ধারিত সময়ে স্বল্পমূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন। এতে করে সাধারণ মানুষের পারিবারিক ব্যয় কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন