চিলমারীতে জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

চিলমারীতে জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কাচকোল এলাকায় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাছটি স্থানীয় থানাহাট বাজারে বিক্রির জন্য আনা হলে উৎসুক জনতা ভিড় জমায়। পরে বিকেলে উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় খুচরা বিক্রি করা হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সাজু মিয়া ব্রহ্মপুত্র নদের কাচকোল বাজার এলাকায় উন্মুক্ত ডাকে মাছটি কিনে নিয়েছিলেন। তিনি জানান, নদীতে পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে প্রায়ই বড় ওজনের বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে এবং বাজারে এসব মাছের ব্যাপক চাহিদাও রয়েছে। চিলমারী উপজেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান জানান, নদীতে বড় মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই লাভবান হয়। এই প্রজাতির মাছের বংশ বিস্তার রক্ষায় মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতে অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এমএম/সকালবেলা

মন্তব্য করুন