ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, স্টাফ রিপোর্টার: সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের (সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে দ্রুততম সময়ের মধ্যে মোংলায় একাধিক ট্রেন চালু করার জন্য প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন যুক্ত করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা পরিদর্শন শেষে বন্দর অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। মোংলা বন্দরে অনেক সম্ভাবনা আছে। আমরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও বেশি ডিসেন্ট্রালাইজড (বিকেন্দ্রীকরণ) করতে চাই।” তিনি জানান, এই অঞ্চল কেন্দ্রিক যেসকল পণ্য আমদানি বা রপ্তানি হচ্ছে, তা মোংলা বন্দর দিয়ে সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে।
বিগত সরকারের আমলে বিভিন্ন দেশের সাথে মোংলা বন্দর কেন্দ্রিক সম্পাদিত চুক্তিগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন: “চুক্তিগুলো আমরা গভীরভাবে স্টাডি করব। সব কিছুর আগে আমাদের দেশের অর্থনীতি, বাণিজ্য, সার্বভৌমত্ব এবং সমৃদ্ধি প্রাধান্য পাবে। যেখানে আমাদের ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের স্বার্থ রক্ষা হয়েছে, তা বহাল থাকবে। কিন্তু যেসব চুক্তিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেগুলো রাখা হবে কি না তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। বাতিলের প্রয়োজন হলে নির্দিষ্ট প্রসিডিউর মেনেই তা করা হবে।”
মোংলায় রেল চলাচলে ধীরগতি প্রসঙ্গে মন্ত্রী স্বীকার করেন যে, রেল লাইন হলেও পর্যাপ্ত ইঞ্জিন বা কোচ এখনো যুক্ত হয়নি। তিনি আশ্বস্ত করেন, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম এনে মোংলায় নিয়মিত ও একাধিক ট্রেন চালুর ব্যবস্থা করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন, মোংলা ও বাগেরহাটবাসীর প্রধান দাবি এই অঞ্চলের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান বৃদ্ধি করা। যোগাযোগ, নৌ-পরিবহনসহ সকল খাতকে কার্যকর করে এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
আর.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ