ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেন।
উপদেষ্টা মাহদী আমিন জানান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে তিনি বলেন, "নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান অঙ্গীকার ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান। সেই প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। আগামী ঈদুল ফিতরের আগেই দেশের কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তৃত হবে।"
সম্মানী ভাতার পরিমাণ কত হবে—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, "ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত করা হয়নি। দ্রুতই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই সার্বিক বিষয় বিবেচনা করে সম্মানী ভাতার অংক নির্ধারণ করা হবে।"
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর ৩য় কর্মদিবস। তবে এদিনই তিনি প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) অফিস করেছেন। কার্যালয়ে প্রবেশের আগে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফ করেন এবং দীর্ঘদিনের কর্মজীবীদের সাথে কুশল বিনিময় করেন।
প্রেস সচিব আরও বলেন, "প্রধানমন্ত্রী আজ কার্যালয়ে এসেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। আজ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টারা নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।"
উল্লেখ্য, নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সেবকদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে তাঁদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। আজকের এই ঘোষণার মাধ্যমে সেই প্রক্রিয়া বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে গেল সরকার।
এম.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ