ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন এবং একপর্যায়ে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন।
শনিবার দিবাগত রাতে হত্যাকাণ্ডের শিকার হওয়া শিক্ষার্থী শাওনের জানাজা নামাজ আজ রবিবার দুপুর ২টায় আনন্দ মোহন কলেজ প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর ওপর এমন বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা আজ রাত ৮টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদের শনাক্ত ও গ্রেফতারের আল্টিমেটাম দেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন:
“শাওন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আজ রাত ৮টার মধ্যে আসামিরা গ্রেফতার না হলে আরও কঠোর ও অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হবে।”
শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল সাকিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন:
“আমাদের একাধিক টিম আসামিদের গ্রেফতারের জন্য নিরলসভাবে কাজ করছে। আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে অনেক দূর এগিয়েছি। আশা করছি, আজ রাতের মধ্যেই আমরা সকল আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব।”
পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে পুলিশ সুপারের কার্যালয় ত্যাগ করেন। তবে ঘটনার পর থেকে পুরো কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এইচ.কে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ