পিতা ফেলে দিতে চাইলেও প্রতিবন্ধী সন্তানকে আগলে রাখলেন মা

পিতা ফেলে দিতে চাইলেও প্রতিবন্ধী সন্তানকে আগলে রাখলেন মা

শুভ সমদ্দার, স্টাফ রিপোর্টার (পিরোজপুর): পিরোজপুরের নেছারাবাদে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এক নবজাতককে গ্রহণ করতে অস্বীকার করেছেন তাঁর জন্মদাতা পিতা। তবে স্বামীর নিষ্ঠুর নির্দেশ উপেক্ষা করে সন্তানকে আগলে রেখে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মা লিজা আক্তার। গত ২২ এপ্রিল উপজেলার মিয়ারহাট বন্দরের ‘নিউ সততা প্রাইভেট হাসপাতালে’ দুই পা ও এক হাত ছাড়াই শিশুটির জন্ম হয়।

নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের দিনমজুর আল আমিনের স্ত্রী লিজা আক্তার গত বুধবার রাতে সিজারের মাধ্যমে এই বিশেষ চাহিদাসম্পন্ন পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির শারীরিক ত্রুটির খবর পাওয়ার পর থেকেই পিতা আল আমিন তাকে নিতে অস্বীকৃতি জানান এবং স্ত্রীকে নির্দেশ দেন সন্তানটিকে কোথাও ফেলে আসতে অথবা অন্যকে দিয়ে দিতে।

স্বামীর এমন অমানবিক সিদ্ধান্তে ভেঙে না পড়ে বরং ঢাল হয়ে দাঁড়িয়েছেন মা লিজা আক্তার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামী সন্তানকে ফেলে দিতে বললেও আমি তা পারব না। স্বামী আমাকে না রাখলেও আমি আমার এই সন্তানকে সাথে নিয়েই বাঁচব। আমি বেঁচে থাকতে কাজ করে ওকে খাওয়াব, কিন্তু আমার অবর্তমানে ওর কী হবে—এই চিন্তাই আমাকে তাড়া করে বেড়াচ্ছে।" লিজা আক্তার জীবিকার তাগিদে ঢাকায় দিনমজুরের কাজ করেন এবং এটি তাঁর তৃতীয় সন্তান।

এই অসহায় পরিবারের করুণ অবস্থা দেখে ‘নিউ সততা প্রাইভেট হাসপাতাল’ কর্তৃপক্ষ সিজারিয়ান অপারেশনসহ সব চিকিৎসা ব্যয় মওকুফ করেছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা নিজে এই উদ্যোগ নেন। এছাড়া অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডা. প্রীতিষ বিশ্বাসও তাঁর সার্জন ফি গ্রহণ করেননি। ডা. প্রীতিষ বিশ্বাস জানান, জিনগত কারণ বা গর্ভকালীন পুষ্টি ও চিকিৎসার অভাবে এমনটি হতে পারে। মানবিক দিক বিবেচনা করেই তাঁরা এই সহায়তার হাত বাড়িয়েছেন।

সন্তানকে মানুষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই মা। কোনো সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাঁর এই বিশেষ শিশুর পাশে দাঁড়ান, তবে শিশুটির ভবিষ্যৎ কিছুটা নিশ্চিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন