নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখা।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ রাজুর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাইজা রহমান নুর, কার্যকরী সদস্য গোলাম মোর্শেদ আসিফ ও নুর আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে ক্যাম্পাসে চলমান বেশ কিছু সমস্যার চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং, পেশিশক্তির প্রদর্শন এবং বহিরাগত ও অছাত্রদের অবাধ অনুপ্রবেশ। সংগঠনটির দাবি, এসব কর্মকাণ্ডের ফলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
নিরাপদ ক্যাম্পাস গড়তে সংগঠনটি কয়েকটি দাবি পেশ করেছে। যার মধ্যে রয়েছে—অভিযোগ তদন্তে স্বতন্ত্র কমিটি গঠন, আধিপত্যবাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ, পরিচয়পত্রভিত্তিক প্রবেশ ব্যবস্থা নিশ্চিত করা এবং দলীয় প্রভাবমুক্ত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা।
মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু বলেন, “বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সূচনা হওয়া উচিত শিক্ষাঙ্গন থেকেই। এখনও কিছু সংগঠনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে। আমরা আশা করি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।”
এ.আই.এল/সকালবেলা
|