ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার কিছু পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।

এদিকে, প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন