টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী হচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল হক

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী হচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল হক

ক্রীড়া প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছে এক বড় চমক নিয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ফিরছেন জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক আমিনুল হক। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে টেকনোক্র্যাট কোটায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে, আমিনুল হককে দেশের নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হলেও, দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ এবং ক্রীড়াঙ্গনে তাঁর আকাশচুম্বী অভিজ্ঞতাকে মূল্যায়ন করেছেন বিএনপির চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে ১০টার দিকে আমিনুল হকের ঘনিষ্ঠ সূত্রগুলো এই খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করার পরপরই ক্রীড়াঙ্গনে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। আমিনুল হক নিজেও আজ সকালে সংসদ ভবনে উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।

আমিনুল হক জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক। তাঁর হাত ধরে দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবল ও তৃণমূল পর্যায়ের খেলাধুলায় নতুন গতি ফিরবে বলে সাধারণ ক্রীড়াবিদ ও সংগঠকরা আশা করছেন। উল্লেখ্য, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ক্রিকেটার তামিম ইকবালের নামও জোরেসোরে আলোচনায় রয়েছে।

সকালবেলা

মন্তব্য করুন