তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলটের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলটের মৃত্যু

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া চলাকালে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘টি-৩৪’ মডেলের সামরিক প্রশিক্ষণ বিমানটি তাইওয়ানের দক্ষিণে অবস্থিত বন্দর নগরী কাওশিউং শহরের গাংশান বিমান ঘাঁটির রানওয়ের উত্তর প্রান্তে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, উড্ডয়নরত অবস্থায় বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।

এই বিমান দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পদবি ও পারিবারিক নাম প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা হলেন—লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তাইওয়ান বিমানবাহিনী ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত টাস্কফোর্স গঠন করেছে।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসেও একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় পূর্ব তাইওয়ানের উপকূলে একটি এফ-১৬ (F-16) যুদ্ধবিমান সমুদ্রে বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল। সে সময় ধারণা করা হয়েছিল যে পাইলট বিমান থেকে জরুরি ভিত্তিতে বেরিয়ে আসতে সক্ষম হলেও, তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

মন্তব্য করুন