প্রাণনাশের হুমকির শিকার প্রবীণ সাংবাদিক কাজী মুহাম্মদ আফিফুজ্জামান কাজী সোহাগ। (ফাইল ছবি)
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহাম্মদ আফিফুজ্জামান (কাজী সোহাগ)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (২ জুন, ২০২৬) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এই গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে ডিআরইউ নেতৃদ্বয় বলেন, "একজন পেশাদার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্যও চরম হুমকিস্বরূপ।"
নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাকে শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে সাংবাদিক কাজী সোহাগের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
শেরেবাংলা নগর থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ফয়সাল নামধারী এক ব্যক্তি সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি দেন। হুমকিদাতা তাকে 'দেশে ফিরে দেখে নেওয়া' এবং প্রয়োজনে 'ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যার' হুমকি প্রদান করে। এ ঘটনায় মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগে তিনি থানায় এই জিডি করেন।
আই.ডি/সকালবেলা