ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি।

অনলাইন ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি তিনি ‘সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে ড. ফাওজুল কবির খান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ১৫ বছরেরও বেশি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগদানের আগে তিনি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতেন। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

পেশাগত জীবনে ড. মুহাম্মদ ফাওজুল কবির খান একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সরকারের সাবেক সচিব। এছাড়া তিনি বিশ্বব্যাংক, এডিবি (ADB), জাইকা (JICA) এবং ইউএনডিপির (UNDP) মতো আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক হিসেবেও দক্ষতার সাথে কাজ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

মন্তব্য করুন