সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রোদ আর তাপমাত্রা বৃদ্ধির কারণে সর্বত্রই তীব্র গরম বিরাজ করছে, যার ফলে ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। প্রখর রোদে পথঘাট উত্তপ্ত হয়ে ওঠায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে যাওয়ায় তাঁদের আয়ও কমে গেছে, যার ফলে সামগ্রিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং গরমে প্রাণিকুলও হাঁসফাঁস করছে।
মঙ্গলবার (২ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সাথে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে এই তীব্র গরমের মধ্যেই চার বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, ৫৪ মিলিমিটার