অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।
গ্রাহকদের এই কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেখানে জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দাবির পক্ষে বক্তব্য রাখেন।
আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই তাঁরা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানাচ্ছেন।
এর আগে গত সোমবার (১ জুন) একই দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছিলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, ওই কর্মসূচি চলাকালে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং এতে কয়েকজন আহত হন। এই আন্দোলনের কারণে সোমবার দিনেরবেলায় নির্ধারিত পর্ষদ সভা সরাসরি অনুষ্ঠিত হতে পারেনি, যা পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ওই ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সাথে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তাঁর নিয়োগের বিরোধিতা করে টানা কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার।