প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে একই দিন (সোমবার) বেলা ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বাড়ি গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওই ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ও তাঁর ছোট ভাই তাজুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এই সুযোগে পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীনসহ তাঁদের সহযোগীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে আজিজুলের মাথায় গুরুতর জখম হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, হামলাকারীরা সুযোগ বুঝে শুধু আজিজুলকেই মারধর করেনি, বরং তাঁদের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হামলা ঠেকাতে গেলে তাঁদের মা, ছোট ভাই ও ছোট বোনকেও মারধর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারধরের ঘটনায় প্রথমে একটি মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে ভিকটিমের মৃত্যুর পর সেটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।