আন্তর্জাতিক ডেস্ক: এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্ত আটজন যাত্রীর শরীরে ‘অ্যান্ডিজ ভাইরাস’ শনাক্ত হয়েছে। এটি হান্টা ভাইরাসের একমাত্র ধরন যা মানুষের মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হতে সক্ষম।
এখন পর্যন্ত ৮ জনের শরীরে ল্যাবরেটরিতে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে। আরও ২ জন সম্ভাব্য আক্রান্ত এবং ১ জনের পরীক্ষার ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই ক্রুজ জাহাজে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে অ্যান্ডিজ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং তৃতীয়জনকে ‘সম্ভাব্য’ আক্রান্ত হিসেবে ধরা হচ্ছে। ডব্লিউএইচও জানিয়েছে, সংক্রমণের মূল উৎস যাত্রা শুরুর আগেই ঘটেছিল। কারণ প্রথম আক্রান্ত ৭০ বছর বয়সী ডাচ নাগরিকের শরীরে ৬ এপ্রিল উপসর্গ দেখা দেয়, অথচ এই ভাইরাসের সুপ্তিকাল এক থেকে ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে।
সাধারণত ইঁদুরের মল-মূত্র বা লালা থেকে হান্টা ভাইরাস ছড়ালেও অ্যান্ডিজ ভাইরাসের বিশেষত্ব হলো এটি মানবদেহে সরাসরি সংক্রমণ ঘটাতে পারে। এই বিরল রোগের এখনো কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বর্তমানে আক্রান্তদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন, যার পরীক্ষার ফল অস্পষ্ট হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে পুনরায় পরীক্ষা করা হচ্ছে।