নাসিরনগরে খাস জমির ২১ স্থাপনা উচ্ছেদ
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারি খাস জমিতে নির্মিত ২১টি অবৈধ টিনশেড ও সেমিপাকা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমদের নেতৃত্বে উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা বাজার এবং চাপরতলা-কালিউতা সড়কের পাশের সরকারি খাস জায়গায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, কালিউতা বাজারে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে দায়ের করা উচ্ছেদ মামলার রায় বাস্তবায়নের অংশ হিসেবে খাল শ্রেণির ভূমিতে নির্মিত এই অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমদ বলেন, “সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলার অন্যান্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।”
অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা অন্যান্য সরকারি ভূমিও পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।
এ.আই.এল/সকালবেলা
|