শিক্ষাঙ্গন ডেস্ক: ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন তৈরির কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের পরীক্ষাগুলো সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, পাবলিক পরীক্ষার সময় নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে ‘মাল্টিপারপাস পরীক্ষা হল’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর ফলে সাধারণ ক্লাসের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে না। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।