কুমিল্লায় নতুন ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
কুমিল্লায় নতুন ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে নতুন একটি 'ওয়াসা' (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুমিল্লার ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের ফলে নিরাপদ পানির বাড়তি চাহিদার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। মন্ত্রী বলেন, নাগরিকদের জন্য কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কুমিল্লার জন্য স্বতন্ত্র একটি ওয়াসা গঠন করা এখন সময়ের দাবি। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট—এই পাঁচটি বিভাগীয় শহরে ওয়াসা কার্যক্রম পরিচালনা করছে। কুমিল্লা ওয়াসা গঠিত হলে দেশে এ ধরনের সেবাদানকারী সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়াবে ছয়টিতে। এই সংস্থা গঠিত হলে নগরীর সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্যপানি শোধন প্রক্রিয়ায় গতি আসবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন