২১ মের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
২১ মের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে’র মধ্যে দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সময়মতো বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা গেলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ সৃষ্টি হবে না।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং তৈরি পোশাক শিল্প বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই নির্দেশনা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক নেতারা জানান, সময়মতো পাওনা পরিশোধ করা হলে আন্দোলনের কোনো সুযোগ থাকবে না। তবে বকেয়া বেতন থাকা কারখানাগুলোর বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা। পাশাপাশি শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিসের দাবিও জানান প্রতিনিধিরা।

শ্রমমন্ত্রী জানান, সড়কে যানজট কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে কারখানা ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেতন-বোনাস পরিশোধ ও নিরাপত্তা নিশ্চিতে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন