চলতি মৌসুমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬৯৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১৪৩টি ফ্লাইটে তারা দেশটিতে অবতরণ করেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৭,৭৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ১৯,৪৫৭ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮,৪৫৬ জন হজযাত্রী সৌদি গেছেন। আরও ২২ হাজার ৬৮৫ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যাবেন। এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশ থেকে হজ পালনের অনুমতি পেয়েছেন। এখন পর্যন্ত হজ পালনে গিয়ে ৪ জন নারীসহ মোট ১৪ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন। সৌদি মেডিকেল টিম থেকে ২৭,১১৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬,০০২ জন হজযাত্রী এখন পর্যন্ত চিকিৎসা ও সহায়তা সেবা গ্রহণ করেছেন।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।