কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় শুক্লা সিনহা (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে শহরের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শুক্লা সিনহা কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংহের মেয়ে। তিনি চাকরির সুবাদে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাটে একাকী ভাড়া থাকতেন। তিনি শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।
বুধবার দুপুরের পর থেকে তাঁর পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগ করতে না পেরে চিন্তিত হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিলে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়। শুক্লার সহকর্মীরা জানান, তিনি অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিচিত ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
এ.আই.এল/সকালবেলা
|