পাকিস্তানের ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
পাকিস্তানের ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য 'ফাতাহ-৪' (Fateh-4) ক্রুজ মিসাইলের সফল প্রশিক্ষণমূলক পরীক্ষা সম্পন্ন করেছে। 

বৃহস্পতিবার (১৪ মে) দেশটির সেনাবাহিনী এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ নিশ্চিত করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে জানানো হয়েছে, ফাতাহ-৪ ক্রুজ মিসাইলটি অত্যাধুনিক নেভিগেশনাল সিস্টেম বা দিকনির্ণয় ব্যবস্থায় সজ্জিত। এটি দীর্ঘ দূরত্বে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই সফল পরীক্ষাটি চালানো হয়।

আর্মি রকেট ফোর্স কমান্ডের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানসহ বিমান ও নৌবাহিনী প্রধানগণ ফাতাহ-৪-এর সফল পরীক্ষার ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা একে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এক বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেন।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন