খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহফুজ আলম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) দিবাগত রাতে কালডোয়ার নদীর ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহফুজ আলম ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শরীফপুর এলাকার কালডোয়ার নদীর ব্রিজের ওপর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ মাহফুজকে হাতেনাতে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০০ টাকা। অভিযানে এএসআই মোঃ গোলাম কিবরিয়ার সাথে কনস্টেবল মোঃ শরীফ এবং কনস্টেবল পারভেজ মোশারফ উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা