গাজীপুরে ৫ খুনের প্রধান আসামি ফোরকানের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তাঁর ভাসমান লাশটি উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ফোরকান পলাতক ছিলেন।
এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার পর ফোরকান পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩৫), তাঁদের তিন মেয়ে মিম (১৪), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)। তদন্তে জানা গেছে, পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করার পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করা হয়।
নিহত শারমিনের বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় ফোরকানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পেশায় প্রাইভেটকার চালক ফোরকান গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে এই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
|