ক্রীড়া প্রতিবেদক: বল হাতে দুর্দান্ত সময় পার করা বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা আইসিসির মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এপ্রিল মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসির মাসসেরা হিসেবে এটি রানার প্রথম পুরস্কার। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন তিনি।ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে এই মুকুট জয় করেন তিনি। কিউইদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ৮টি উইকেট নেন রানা। বিশেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট শিকার করে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে মূল ভূমিকা রাখেন। তিনি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া সত্যিই দারুণ অনুভূতি। নিজেদের মাঠে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে।”