eid-ul-adha-holiday-2026-bangladesh-government-notification
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকলেও এর আগে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিসগুলো খোলা থাকবে।
প্রজ্ঞাপনে জরুরি পরিষেবাগুলোকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা। এসব সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির সময়েও দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্যসেবার বিষয়ে প্রজ্ঞাপনে বিশেষভাবে বলা হয়েছে, হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত চিকিৎসক, কর্মী এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। এছাড়া জরুরি কাজের সাথে সম্পৃক্ত সরকারি অফিসগুলোও যথারীতি খোলা থাকবে।
ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংকগুলো কতটুকু সময় বা কীভাবে চালু থাকবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবে।
বেসরকারি খাতের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
টানা ৭ দিনের এই ছুটির ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে জরুরি সেবায় নিয়োজিতদের কর্মস্থলে উপস্থিত থেকে দেশসেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে সরকার।