মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজশাহীকে আরও সবুজ, সুন্দর ও স্বাস্থ্যকর শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে বর্তমানে ‘ফুলের নগরী’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এই সৌন্দর্য ধরে রাখতে তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই গাছের নিবিড় পরিচর্যা নিশ্চিত করেছেন। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পরিবেশ রক্ষায় নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।
নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, বর্তমানে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, মশক নিধনে ফগার স্প্রে এবং সড়কের খানাখন্দ মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। স্বাস্থ্যসেবার সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশনগুলোর মধ্যে রাজশাহীই সর্বপ্রথম জনসচেতনতা সৃষ্টি করে হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে।
সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর শিল্পায়ন, কর্মসংস্থান এবং ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরেন। রাসিক প্রশাসক তাঁদের বক্তব্য গুরুত্বের সাথে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সভায় বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ রাজশাহীর উন্নয়নে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা